২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সঠিক সিদ্ধান্ত না নিলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে: যুক্তরাষ্ট্র

তত্ত্বাবধায়ক সরকার সঠিক সিদ্ধান্ত না নিলে বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:46 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দৈনিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে এ আশঙ্কার কথা প্রকাশ করা হয়। যা দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা সে দেশের তত্ত্বাবধায়ক সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে বলেছি যাতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করতে পারে এবং ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাপ্রবাহ পেছনে ফেলে আসতে পারে।”

যুক্তরাষ্ট্রের মুখপাত্র আরও বলেন, “পরিস্থিতি এখন এমন যে তত্ত্বাবধায়ক সরকার সাবধানে এগিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আমরা তা চাই না।”

“বাংলাদেশে পাকিস্তানি কায়দায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং এক নেত্রীকে গৃহবন্দি ও অপর নেত্রীকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না”-এ কথা বলে সাংবাদিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা জানতে চাইলে শন ম্যাককরম্যাক ওই সব কথা বলেন।

লন্ডনে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কেউ যোগাযোগ রাখছে কিনা জানতে চাইলে ম্যাককরম্যাক বলেন, “আমার জানা মতে আমাদের দূতাবাস তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। কয়েক মাস আগে নিকোলাস বার্নস তার সঙ্গে কথাও বলেছেন।”

ওয়াশিংটন সময় মঙ্গলবার দুপুর ১২ টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫১ মিনিটে) ওই সংবাদ সম্মেলন শেষ হয়।

তত্ত্ববধায়ক সরকার দুর্নীতির অভিযোগে রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করার পর থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে বলে গুঞ্জন শুরু হয়। শেখ হাসিনা ১৫ মার্চ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এ গুঞ্জন আরো জোড়ালো হয়।

জিয়া পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির সদস্য বাবুল চৌধুরী ১৯ এপ্রিল ‘খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে’ এই আশঙ্কার কথা আদালতকে জানান। একই সঙ্গে খালেদা জিয়াকে ইচ্ছার বিরুদ্ধে বিদেশে না পাঠাতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

তার এ আবেদনের পরিপ্রেক্ষতে ১৯ এপ্রিল খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে কিনা তা সরকারকে ২২ এপ্রিলের মধ্যে জানাতে বলে হাইকোর্ট।

এদিকে ১৬ এপ্রিল ছোট ছেলে আরাফাতকে যৌথবাহিনী গ্রেপ্তার করে আবার বাসায় ফিরিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় খালেদা জিয়াকে সপরিবারে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই রাত থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন।

২১ এপ্রিল খালেদা জিয়া তার বড় ছেলে তারেকের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা করার পর গুঞ্জন নতুন মাত্রা পায়। খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদেরসহ ২২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে দেশের প্রায় সবগুলো পত্রিকায় খবর প্রকাশিত হয়।

খালেদা জিয়াকে যে বেআইনিভাবে আটকে রাখা হয়নি তা প্রমাণের জন্য কেন তাকে আদালতের সামনে হাজির করা হবে না ২২ এপ্রিল তা সরকারের কাছে জানতে চায় হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, যৌথবাহিনীর কমান্ডার, র‌্যাবের মহাপরিচালকসহ ছয়জনকে পাঁচ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

অন্যদিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে সফররত থাকা অবস্থায় ০৯ এপ্রিল তার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়। ১০ এপ্রিল এ মামলার এজাহার আদালত গ্রহণ করে।

১১ এপ্রিল একটি খুনের মামলায় শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২৮ অক্টোবর পল্টনে ১৪ দলের নেতাকর্মী, জামায়াত-শিবির ও পুলিশের তিনমুখী সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা এ মামলার এজাহারে শেখ হাসিনার নাম না থাকলেও অভিযোগপত্রে তাকে ৩১ নম্বর আসামি হিসেবে পলাতক উল্লেখ করা হয়।

শেখ হাসিনা ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনের অনুরোধের পর দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন হাসিনা।

১৭ এপ্রিল আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারকে জানানো হয় শেখ হাসিনা ২৩ এপ্রিল দেশে ফিরবেন। দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় তারা।

১৮ এপ্রিল সরকারের এক প্রেসনোটে জানানো হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে সরকার। প্রেসনোটের মাধ্যমে দেশের সব বিমান ও স্থলবন্দরে কর্মরত ইমিগ্রেশন বিভাগ, সব এয়ারলাইনস কর্তৃপক্ষসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মহা-পুলিশ পরিদর্শককেও এ বিষয়ে আবশ্যক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

একই দিন ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তিনি ফিরে আদালতে দাঁড়িয়ে আইনের মুখোমুখি হতে চান।

পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় ২২ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২৩ এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরার চেষ্টা করেন শেখ হাসিনা। কিন্তু বৃটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দেওয়ায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফিরে যান তিনি।

বাংলাদেশ বেমামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত নিদের্শনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে ২২ এপ্রিল লন্ডন থেকে ঢাকাগামী বিমানে তুলতে অস্বীকৃতি জানায়।

এক বিবৃতিতে এয়ারলাইন্সটি আনুষ্ঠানিকভাবে বলেছে, ২২ এপ্রিলের ঢাকাগামী বিমানে শেখ হাসিনাকে নেওয়া নিষেধ ছিল। গত ১৮ এপ্রিল বাংলাদেশ বেমামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক লিখিত বিজ্ঞপ্তিতে তাদেরকে জানায়, শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, যাত্রী এবং মালপত্র বহনের সাধারণ নিয়মে একজন যাত্রীকে বহনে অস্বীকৃতি জানানোর অধিকার এয়ারলাইন্সটির আছে। উড়োজাহাজ পরিচালনার চুক্তি অনুযায়ী, কোনো দেশ মৌখিক ও লিখিতভাবে জানালে সেই যাত্রীর সবকিছু বৈধ থাকলেও তাকে বহনে অস্বীকৃতি জানাতে পারে তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি ২৪ এপ্রিল স্থগিত করা হয়।