মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ২
জেলার দুইটি গ্রামে কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার রাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার কালিয়াঘাট গ্রামের নারগিস (১৩)। ঝড়ের সময় মাটির দেয়াল চাপা পড়ে সে মারা যায়।
অন্যদিকে সদর উপজেলার সোনাখালী গ্রামের মারিয়া (৩২) আম কুড়াতে গিয়ে মাথায় গাছের ডাল পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ঝড়ের কারণে মঙ্গলবার থেকেই মেহেরপুরের বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
টেলিফোন বিভাগের প্রধান প্রকৌশলী ইউনূস আলী জানান, ঝড়ে গাছের ডাল পড়ে প্রায় ৪০০ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন লাইনম্যান থাকায় সংযোগগুলো সচল করতে অনেকদিন সময় লাগবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক আতাহার আলী জানান, ঝড়ে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবদুস সালাম জানান, ঝড়ে কমপক্ষে ১০ হাজার গাছের আম, একই পরিমাণ হেক্টর জমির ধান এবং সাত হাজার হেক্টর কলাবাগানের ক্ষতি হয়েছে।
