আমিনুল হক ও নাদিম মোস্তফার বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল
রাজশাহীতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও রাজশাহী-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ এডভোকেট নাদিম মোস্তফার বিরুদ্ধে আলাদা দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সোমবার রাতে গোদাগাড়ী ও পুঠিয়া থানা পুলিশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এই দুটি মামলার অভিযোগপত্র দাখিল করে।
রাজশাহী পুলিশ সুপার দিদার আহমেদ জানান, সোমবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক ডাকমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
জমি দখলে সহযোগিতার অভিযোগে গোদাগাড়ী থানায় ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির অভিযোগপত্রে মোট ১০ জনের নাম আছে। এ মামলা তদন্ত করছেন দারোগা আবদুর রাজ্জাক।
অন্যদিকে, পুঠিয়া থানায় সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় অভিযুক্ত করা হয়েছে চারজনকে। তদন্তকারী কর্মকর্তা দারোগা আবদুর রহমান সোমবার এ সংক্রান্ত অভিযোগনামা দাখিল করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গোদাগাড়ী থানায় পৌর এলাকার রামনগর গ্রামের ডা. গোলাম মোস্তফা মাস্টারের ১৩ শতক জমি ভয়-ভীতি দেখিয়ে ব্যারিস্টার আমিনুল হকের সহযোগিতায় স্থানীয় বিএনপি কর্মীরা দখল করে নেয়। জমির মালিক ডা. গোলাম মোস্তফা এ ব্যাপারে গত ২ এপ্রিল একটি মামলা করেন।
অন্যদিকে, রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তফার বিরুদ্ধে ২ এপ্রিল পুঠিয়ার ভাল্লুকগাছি গ্রামের মকসেদ আলী প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন।
