বনানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা
রাজধানীর বনানী রেলগেটের কাছে মঙ্গলবার এক দম্পতি ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
এরা হলেন সাহাজুল ইসলাম (২৫) ও শাহনাজ বেগম (২২)। সাহাজুল ইসলামের দেশের বাড়ি মাদারীপুরের চর লক্ষ্মীপুর গ্রামে এবং শাহনাজ বেগমের বাড়ি ভোলায়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) সহকারি উপ পরিদর্শক আলী আকবর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানী রেলস্টেশনের কাছে সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেনের নিচে দুজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আলী আকবর জানান, নিহত সাহাজুল ইসলামের হাতের ওপর লেখা তার বড় ভাই রফিকুল ইসলামের একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কথা বলে তাদের পরিচয় উদ্ধার করা হয়।
রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই প্রায় এক বছর আগে ভালবেসে শাহনাজকে বিয়ে করে। কিন্তু কী কারণে তারা আত্মহত্যা করেছে তা জানা নেই। কয়েকদিন আগে তারা মাদারীপুর থেকে ঢাকায় বেড়াতে আসে।
এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
