২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার দেশে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ২৪ শীর্ষ আইনজীবীর বিবৃতি

সুপ্রিম কোর্টের শীর্ষস্থানীয় ২৪ আইনজীবী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ব্যারিস্টার শফিক আহমেদসহ ২৪ জন আইনজীবী বুধবার এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মোঃ ওজায়ের ফারুক, মাহবুবে আলম, খন্দকার মাহবুব হোসেন, রহমত আলী, সাহারা খাতুন, এএফএম মেজবাহউদ্দিন, মমতাজউদ্দিন আহমেদ, আবদুল মতিন খসরু, সুব্রত চৌধুরী, সমিতির সহ সভাপতি আবদুল মান্নান খান, সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম, বার কাউন্সিল সদস্য পিসি গুহ প্রমুখ।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সরকার এক প্রেস নোটে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আইনজীবী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিয়ে তার সংবিধান স্বীকৃত জন্মগত নাগরিক অধিকার হরণ করার ক্ষমতা কারও নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা যারা আইনের শাসন এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী, সরকারের এহেন বেআইনি আদেশ যা কোনো আইনেই সমর্থিত নয় তা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

বিবৃতিতে বলা হয়েছে, “শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞার আদেশে কেবল জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তিই ক্ষুন্ন করা হয়নি, বরং বিশ্বব্যাপী স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের ভাবমূর্তিও দারুণভাবে ক্ষুন্ন করা হয়েছে।”