২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামের সন্দ্বীপ আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

যৌথবাহিনীর হাতে আটক সাবেক সাংসদকে মঙ্গলবার বিকালে সন্দ্বীপ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কামাল পাশার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নেই উল্লেখ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল আমিন। ম্যাজিস্ট্রেট বদরুল হক শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, আদালত জামিন নামঞ্জুর করার পর সাবেক এই সাংসদকে কোর্ট হাজতে রাখা হয়েছে। সন্দ্বীপ থেকে এরপর যেদিন ফেরি চট্টগ্রামে যাবে সেদিন তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হবে।

তিনি জানান, সাবেক এই সাংসদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওসি জানান, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশাকে সোমবার রাত ১০টার দিকে যৌথবাহিনী সদর উপজেলার রহমতপুরে অবস্থিত তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গিয়াস উদ্দিন জানান, সন্দ্বীপে সজীব হত্যা মামলার বাদী হাবিবের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবের অভিযোগ, তার ভাগ্নে সজীবকে সাবেক এই সাংসদের নির্দেশে হত্যা করা হয়েছিল।

১৯৯৯ সালের ২৬ ফেব্রুয়ারি সজীব দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়।