জোড়া খুনের দায়ে নওগাঁয় ২ জনের ফাঁসি
নওগাঁয় জোড়া খুনের মামলার রায়ে পলাতক দুই আসামীর ‘ডবল ফাঁসি’ ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা উপজেলার সাড়া জাগানো আতোয়ার রহমান ও লুৎফর রহমান হত্যা মামলায় নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত আবু আহমদ জমাদার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামী হলেন পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল এবং একই উপজেলার সম্ভুপুর গ্রামের সাধুচরণ রায়ের ছেলে জ্ঞানাচরণ রায় ওরফে জ্ঞানেন্দ্র।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পত্নীতলা উপজেলার বিশ্বাসপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আতোয়ার রহমান ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে লুৎফর রহমানকে ১৯৯৬ সালের ৭ জুলাই জ্ঞানাচরণ ও আশরাফুলসহ ১০/১২ জন দুষ্কৃৃতিকারী ধরে নিয়ে যায়। ওই রাতেই আতোয়ারকে গুলি ও জবাই করে এবং লুৎফর রহমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
পরের দিন আতোয়ারের ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে পত্নীতলা থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই আসামী জ্ঞানাচরণ ও আশরাফুল ভারতে পালিয়ে যায়।
