২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাটকলগুলো সচলের উদ্যোগ

আগামী পাট মৌসুমের আগে প্রয়োজনীয় কাঁচামাল যোগান দিয়ে খুলনার পাটকলগুলোকে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। শ্রমিকদের বকেয়া বেতনের একটি অংশ খুলনায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

উপদেষ্টা বলেন, “লোকসানি ওই প্রতিষ্ঠানগুলোকে অর্থসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে কিভাবে লাভজনক করা যায়, তাও পরীক্ষা করে দেখছে সরকার।”

তিনি বলেন, “সরকার মিলগুলো চালু ও লাভজনক করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বর্তমান অবস্থান ধরে রেখে নতুন বাজার সৃষ্টিরও উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে রাশিয়া ও রোমানিয়ার সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছে।”

গীতিআরা সাফিয়া চৌধুরী জানান, খুলনার শিল্পাঞ্চলের শ্রমিকদের বকেয়া বেতনের একটি অংশ সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করিয়ে মঙ্গলবার খুলনায় পাঠানো হয়েছে।

তবে অর্থের পরিমাণ তিনি জানাতে পারেননি।

উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে বলে আমি মনে করি না। পুলিশ সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে। তবে শ্রমিকদের দাবিও যৌক্তিক ছিল।

এর আগে উপদেষ্টা তার কার্যালয়ে বস্ত্র খাতের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক তুলা উপদেষ্টা কমিশনের (আইসিএসি) সভাপতি টেরি টাউনসেন্ড, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ‘কটন বাংলাদেশ’ পত্রিকার প্রধান সম্পাদক কামরুল হাসান, আমেরিকান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ম্যানফ্রেড শিফার ও গ্লোব কট গ্লোবাল মার্কেটিংয়ের সায়রা ফারুক।