নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সবাই রাজনীতি করার সুযোগ পাবেন: ছহুল হোসাইন
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সবাই রাজনীতি করার সুযোগ পাবেন। খালেদা জিয়া এবং শেখ হাসিনা ঘরোয়া রাজনীতি করতে পারবেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
মঙ্গলবার ময়মনসিংহে স্থানীয় নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।
অবশ্য আগামি ৮ মের মধ্যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “৮ মের মধ্যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা এ ব্যাপারে আমরা কিছু জানি না।”
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “তিন মাসের মধ্যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে বিভিন্ন মহল থেকে আলোচনা এসেছে। সেই হিসেবে আমরা আশা করছি আগামী আট মের মধ্যে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে সরকার।”
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ময়মনসিংহ সার্কিট হাউজে বৈঠক করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরের নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক শাসছুল আলম, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং যৌথবাহিনীর ময়মনসিংহ ইনচার্জ মেজর আনিসুর রহমান বৈঠকে অংশ নেন।
