মাছ ছিনতাই করতে গিয়ে ৪ ছাত্র গ্রেপ্তার
বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের মাছ ছিনতাইয়ের সময় পুলিশ সোমবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক আবু সারা সামছুর রহমান রউফকে সন্দেহভাজন দেখিয়ে চার জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো জোনায়েদ হোসেন (২২), সৈয়দ মোহাম্মদ হাসান (২১), মির্জা খালেক জুবায়ের (২০) এবং আদনান আব্দুল্লাহ (২৮)। এরা সবাই বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
শাহবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দুপুর আড়াইটার দিকে মহাখালী থেকে মৎস উন্নয়ন কর্পোরেশনের একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ টিএসএসির সামনে থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মৎস উন্নয়ন কর্পোরেশনের স্টোর অফিসার হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক আবু সারা সামছুর রহমান রউফের ইন্ধনে এ ঘটানো ঘটেছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।
এ ব্যাপারে রাত পৌনে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত পুলিশ তাকে কোন কিছু জানায়নি।
