২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত

আপৎকালিন মজুদ বাড়াতে ৮০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 11:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া সার আমদানির প্রক্রিয়া শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সভায় আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ৮০ হাজার টন সার আমদানির জন্য সভায় তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী জানান, মরক্কো থেকে ৩০ হাজার টন রক ফসফেট এবং কোরিয়া থেকে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১২০ কোটি ৩৯ লাখ টাকা।

শিল্প উপদেষ্টা আরো বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন মৌসুমে দেশে সার সঙ্কটের কোনো আশঙ্কা নেই।