২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠানামায় স্টিভডোরিং প্রথা বাতিলের সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠানামায় ২০ বছরের পুরোনো স্টিভিডোরিং প্রথা বিলুপ্ত করে তার বদলে বার্থ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

নতুন পদ্ধতি চালু হলে মালামাল ওঠানামানোতে শুধু মাত্র শ্রমিক নিয়োগকারী স্টিভডোরদের আধিপত্যের অবসান হবে। বন্দরের সব সুবিধা ব্যবহার করে কেবল শ্রমিক নিয়োগ করার একক কর্তৃত্বের কারণে নানা ছুতোয় স্টিভডোররা বন্দরের কার্যক্রম অচল করে দিতো বলে অভিযোগ রয়েছে।

নতুন বার্থ অপারেটর পদ্ধতি চালু হলে তারা জাহাজ থেকে মালামাল ওঠানামানোসহ পরিবহনের দায়িত্বও নেবে। বার্থ অপারেটররা বন্দরের সুবিধাদি ব্যবহার করতে পারবেন না। নিজস্ব সরঞ্জামাদি ব্যবহার করেই তাদের কাজ করতে হবে।

সোমবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্দর ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বার্থ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়।

পরিবর্তে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে যেকোনো সক্ষম ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বন্দরের বার্থ অপারেটর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে। বর্তমানে বন্দরে ৫৬টি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান স্টিভডোরিংয়ের কাজ করে আসছে।

বন্দর ব্যবহারকারীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সিদ্ধান্তটি কার্যকর হলে সুনির্দিষ্ট কতিপয় স্টিভডোরিং প্রতিষ্ঠানের একাধিপত্য থেকে মুক্তি পাবেন তারা।

বৈঠকে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ আবুল কাশেমসহ সব মেম্বার ও পরিচালক, যৌথ বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তা, চিটাগং চেম্বার, বাংলাদেশ মাস্টারস স্টিভডোরস এসোসিয়েশন (বিএমএসএ), বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ও এফবিসিসিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কর্তৃপক্ষ বন্দরে পণ্য খালাস বা উঠানামার ক্ষেত্রে বার্থ অপারেটর নিয়োগের পদ্ধতি নির্ধারণের জন্য চিটাগং চেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চেম্বার এ ব্যাপারে বিএমএসএ, শিপিং এজেন্টস ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে আগামী ২ মের মধ্যে কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে।

বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বন্দরের কাজে গতিশীলতা আনার লক্ষ্যে বিদ্যমান স্টিভডোরিং প্রথা রহিত করে বার্থ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, বার্থ অপারেটর পদ্ধতি চালু হলে বন্দরে শ্রমিক নিয়ে জটিলতা ও অন্যান্য আনুষঙ্গিক ঝামেলা অনেক কমে যাবে। কারণ এটা হবে অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের মতো। বার্থ অপারেটর শুধু শ্রমিক দিয়ে জাহাজ থেকে পণ্য খালাস বা বোঝাইয়ের কাজই করবে না, একইসঙ্গে পণ্য সরবরাহের কাজটিও তারা এককভাবে করবে।

তবে কবে নাগাদ বার্থ অপারেটর নিয়োগ করা হবে কিংবা তাদের কাজের ধরণ ও পরিধি কেমন হবে-সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। এজন্যই চিটাগং চেম্বারকে একটি কর্মপরিকল্পনা লিখিত আকারে দাখিল করার জন্য বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত চিটাগং চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের সবগুলো উন্নত বন্দরে বার্থ অপারেটর কাজ করছে।

বর্তমান স্টিভডোরিং প্রথার সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতিতে আমদানি-রপ্তানিকারকদের পণ্য শিপমেন্ট ও ডেলিভারি নিতে অনেক হয়রানি পোহাতে হয়। কেননা এখন বন্দর থেকে পণ্য রপ্তানি বা আমদানি পণ্যের সরবরাহ নিতে গেলে স্টিভিডোর ছাড়াও ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক ও সিএন্ডএফ এজেন্টসহ নানা প্রতিষ্ঠানের কাছে ব্যবসায়ীদের ধর্না দিতে হয়।

এম এ লতিফ বলেন, বার্থ অপারেটর নিয়োগ করা হলে ব্যবসায়ীদের এতোসব ভোগান্তি পোহাতে হবে না। কেননা বার্থ অপারেটরের দায়িত্বটি হবে ব্যাপক। জাহাজ থেকে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত বার্থ অপারেটররা পণ্য হ্যান্ডলিংয়ের পুরো দায়িত্বটি পালন করবেন। আর একজন বার্থ অপারেটর একাজটি পাবেন দরপত্রের মাধ্যমে। সেক্ষেত্রে বন্দর ব্যবহারকারী তথা ব্যবসায়ীরা স্টিভডোরদের হাতে আর জিম্মি থাকবে না।

বন্দর কর্তৃপক্ষের বার্থ অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএমএসএর সাবেক চেয়ারম্যান তারেক কামাল ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে একরাম বলেন, নতুন পদ্ধতিটি ভালো। তবে স্টিভডোরিং প্রথা বাতিল হলেও স্টিভডোররা বাতিল হয়ে যাচ্ছেন না। তাছাড়া বার্থ অপারেটর নিয়োগ করতে হলে বন্দরের আইনে কিছু সংশোধনী আনতে হবে।

ফজলে একরাম বলেন, যতদিন না পর্যন্ত বার্থ অপারেটর নিয়োগ বিধি চূড়ান্ত হচ্ছে তার অন্তবর্তীকালীন সময়টিতে বন্দরের ১৩টি জেটিতে ১২টি ভাগ করে একাধিক স্টিভডোরিং প্রতিষ্ঠানের সমন্বয়ে একেকটি কোম্পানি গঠন করে বার্থ অপারেটরের দায়িত্ব পালন করা হবে।

তারেক কামাল বলেন, আগামী ২ মের বৈঠকের পর এ বিষয়টি আরও স্পষ্ট করে বলা যাবে। কারণ এখনও বার্থ অপারেটরের কার্যক্রম পুরোপুরি পরিষ্কার নয়।

এদিকে কর্তৃপক্ষের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে বন্দরে সুনির্দিষ্ট নয়টি আমদানি পণ্যের কন্টেইনার জাহাজ থেকে সরাসরি সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, গম, সরিষা, তুলা, স্ক্র্যাপ লোহা, ওয়েস্ট পেপার ইত্যাদি।

বন্দর সচিব জানান, কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রেক্ষিতে বন্দরের ভিতরে এখন থেকে কন্টেইনার জট অনেকটা হালকা হয়ে যাবে। এসব পণ্যের আমদানিকারকদের এখন জাহাজ থেকে সরাসরি কন্টেইনার সরবরাহ নিয়ে বেসরকারী আইসিডিগুলোতে রাখতে হবে।