ডেমরায় ডাকাতের গুলিতে একজন আহত, দু’জনকে গণধোলাই
রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়ায় সোমবার ভোররাতে ডাকাতের গুলিতে শাহাদত হোসেন (৩৪) নামে একজন আহত হয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী দুই ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ডেমরা থানা পুলিশ জানায়, সারুলিয়া বক্সনগরের জামালউদ্দিনের বাড়িতে রাত ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা ৫/৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে আহত হন শাহাদত হোসেন। পরে এলাকাবাসী ধাওয়া করে আজহার (৩৪) ও জামাল হোসেন ওরফে শাহ জামাল (৩০) নামে দুই ডাকাতকে ধরে গণধোলাই দেয়।
খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাত ও গুলিবিদ্ধ শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ডেমরা থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক সমরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বাড়ির মালিকের ছোট ভাই কামালউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
