ছবিসহ ভোটার তালিকা তৈরির পরীক্ষামূলক প্রকল্প কামরাঙ্গীরচরে
কামরাঙ্গীরচরে মে মাসে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন। একইসঙ্গে সেখানে চলবে জাতীয় পরিচয়পত্রের কাজও।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “আগামী মাসে ঘনবসতিপূর্ণ কামরাঙ্গীরচরে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের প্রকল্প শুরুর পরিকল্পনা আছে আমাদের। এছাড়া আমরা নদী ভাঙন কবলিত কোনো প্রত্যন্ত গ্রামেও এই পরীক্ষা চালাতে চাই।”
ভোটার তালিকা ও পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য-জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “এর পর সারাদেশে কাজ করার সময় এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।”
পরীক্ষামূলক কাজ শুরুর আগে কমিশন কর্মকর্তাদের প্রয়োজনীয় কম্পিউটার, ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম দরকার হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা গত ৫ এপ্রিল সাংবাদিকদের বলেন, সারাদেশে ছবিসহ নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে কমিশনের কমপক্ষে দেড় বছর সময় লাগবে। আর এই কাজে কমিশনের খরচ হবে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা।
