২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সূত্রাপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রাজধানীর সূত্রাপুর থেকে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ মোক্তার হোসেন (২২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার ভোররাতে সূত্রাপুর থানা এলাকার ১৫ নং আলমগঞ্জ লেন মিল ব্যারাকে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক দুটি পিস্তল, একটি রিভলবার, একটি থ্রি-নট-থ্রি কাটা রাইফেল, সাত রাউন্ড রাইফেলের গুলি এবং পিস্তলের দুটি ম্যাগজিন।

র‌্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট মোস্তফা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, মোক্তার হোসেন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তিনি এবং তার দলের সদস্যরা দীর্ঘদিন থেকে সূত্রাপুর থানা এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ চাঁদাবাজি করে আসছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি তার সহযোগী মঞ্জুরুল হক মিলন এবং রেজাউল করিম ওরফে মিল্টন দেশে জরুরি অবস্থা জারির কারণে মাটির নিচে লুকিয়ে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে মোক্তার জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদ শেষে মোক্তার হোসেনকে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।