২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির কর্মী হত্যা মামলায় জলিলসহ ৩৭ জনের আগাম জামিনের মেয়াদ দেড় মাস বাড়ল

জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দলের ৩৭ জন নেতাকর্মীর আগাম-অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ ছয় সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 02:23 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিচারপতি মো. আবদুল মতিন এবং বিচারপতি মোঃ আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

এর আগে বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি আবু কাওসার মো. দবিরুসসান ৫ নভেম্বর ১৪ দলের নেতাকর্মীদের আগাম জামিন দিয়েছিলেন।

জামাত-শিবির কর্মীদের হত্যার অভিযোগপত্র ১১ এপ্রিল দেওয়ার পর মহানগর হাকিম তা গ্রহণ করেন ২২ এপ্রিল। সেসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, মোহাম্মদ নাসিম এবং এম এ মালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়।

সোমবার হাইকোর্টে শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মামলাটি এখনও মহানগর হাকিমের আদালতে বিচারাধীন। মহানগর দায়রা আদালতে যায়নি বলে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন।

অভিযোগে বলা হয় ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামাতের সমাবেশ ১৪ দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ৫০০ জনকে আহত করে। পরে এদের ছয়জন মারা যায়।

জামায়াতে ইসলামীর এ টি এম সিরাজুল ইসলাম বাদী হয়ে পরদিন রমনা থানায় ১৪ দলের ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।