সিলেটে বাণিজ্য মেলায় মাদ্রাসা ছাত্রদের হামলা
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনা টিকিটে ঢুকতে না দেওয়ায় রোববার আলিয়া মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে ৫০টি দোকান ভাঙচুর করেছে।
ছাত্রদের হামলায় পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মী, ব্যবসায়ী ও ক্রেতাসহ ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
মেলার কমিটি জানায়, রোববার দুপুর ২টায় আলিয়া মাদ্রাসার দুইজন ছাত্র বিনা টিকিটে মেলায় ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মী আবদুস সাত্তার বাধা দেন। এ সময় ওই দুই ছাত্র আবদুস সাত্তারকে মারধর করলে পুলিশ তাদের আটক করে আয়োজকদের কার্যালয়ে বসিয়ে রাখে।
এই দুই ছাত্রের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে মাদ্রাসার ৪০/৫০ জনের একটি দল রামদা, কিরিচ, হকিস্টিক নিয়ে মেলায় হামলা চালায়।
তারা মেলার ভেতরের অস্থায়ী মসজিদ, মেলার কাউন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যালয়, অস্থায়ী পুলিশ ক্যাম্প, চেম্বার কার্যালয়সহ ৫০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে আটক হওয়া দুই ছাত্রকে ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে ছাত্রদের ধাওয়া করে। পুলিশ এ সময় শটগানের আট রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন।
মেলার আয়োজক কমিটির ইভেন্ট কর্মকর্তা মঈনউদ্দিন খান বাবলু জানান, মাদ্রাসার ছাত্রদের হামলার পুরো ঘটনাটি সিসি টিভিতে ধারণ করা রয়েছে। নূরুল আমিন ও হুমায়ূন, হাবিব, ইমরানের নেতৃত্বে তারা আমাদের কাউন্টারের টাকা লুটপাট করেছে ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতি হিসাব করে আমরা মামলা দায়ের করব।
তিনি জানান, আলিয়া মাদ্রাসা মাঠে মেলার আয়োজন করায় মাদ্রাসা ছাত্রদের বিনা টিকিটে মেলা দেখার জন্য ২০০টি পাস দেওয়া হয়েছে। এরপরও তারা এ ঘটনা ঘটিয়েছে।
