২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালিশপুরে আড়াই হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে শনিবারের সংঘর্ষের ঘটনায় আড়াই হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর শ্রমিকরা অভিযোগ করেছেন, পুলিশ শনিবার রাতে প্লাটিনাম, পিপলস ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক কলোনিতে ঢুকে তাদের মারপিট ও ভাঙচুর চালিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার নতুন করে সংঘর্ষ না হলেও শিল্পাঞ্চলের থমথমে ভাব কাটেনি। পুলিশ বিডিআর ও এপিবিএন সদস্যরা প্লটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও ষ্টার জুট মিল ঘিরে রেখেছে। ওই অঞ্চলে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কোনো যানবাহনও চলছে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশ শনিবার রাতে শ্রমিক কলোনিতে অভিযান চালানোর কথা স্বীকার করলেও মারপিট ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, শনিবার সংঘর্ষের সময় ও রাতে অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।

রোববার শিল্পাঞ্চল এলাকা ঘুরে দেখা গেছে শ্রমিক কলোনিগুলোতে বসবাসরত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেক পরিবারের পুরুষরাই বাড়ি ফিরছেন না।

শ্রমিকরা অভিযোগ করেছেন, পুলিশ শনিবার রাতে প্লাটিনাম, পিপলস ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক কলোনিতে ঢুকে নির্যাতন ও ভাঙচুর চালিয়েছে।

ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি, ক্যান্সারে আক্রান্ত জয়নাল আবেদীন বলেন, “পুলিশ ঘরে ঢুকে প্রথমে আমাকে নির্দয়ভাবে মারলো। তারপর আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইলো। ডাক্তারি প্রেসক্রিপশন দেখিয়ে অনেক অনুনয় বিনয় করার পর আমাকে ছেড়ে দিয়েছে তারা।”

একই মিলের শ্রমিক মো. শানুর স্ত্রী শিপু বেগম জানান, বিকেলে পুলিশ তার স্বামীকে মারধর করায় রাতে সে কলোনিতে থাকেনি।

রোববার দুপুরে স্ত্রী সালেহাকে নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে রওনা হন প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক জাহাঙ্গীর হোসেন। তিনি জানালেন, গ্রেপ্তারের আশঙ্কায় শনিবার রাতে তিনিও কলোনিতে ফেরেননি।

পিপলস জুট মিলের শ্রমিক মাহবুবুর রহমান ওই মিলেরই কলোনিতে থাকেন। তিনি জানান, পুলিশ শনিবার রাতে পিপলস জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি মোশাররফ হোসেন এবং মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী আনোয়ার হোসেনের ঘরে অভিযান চালায়। তারা আব্দুল মালেককে বাসায় না পেয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে লিয়ার মোহাম্মদকে আটক করে।

মো. নূর ইসলাম ২৪ বছর ধরে প্লাটিনাম জুবিলী জুট মিলে কাজ করছেন। তিনি জানান, পুলিশ শনিবার বিকেলে মিলের কলোনিতে ঢুকে পুরুষদের সবাইকে বের হয়ে যেতে বলে। এরপর অধিকাংশ শ্রমিক বাইরে চলে যান। পুলিশ সন্ধ্যায় কলোনির গেটে তালা লাগিয়ে দিয়ে অভিযান শুরু করে। এসময় তারা বিভিন্ন ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।

এ ব্যাপারে কেএমপির কমিশনার মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “শনিবার রাতে শ্রমিক কলোনিগুলোতে অভিযান চালানো হয়েছে। তবে মারপিট করা হয়নি। শ্রমিকরা শুধু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে। অথচ তাদের ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে আমার ৫০ জন পুলিশ হাসপাতালে রয়েছে।”

এদিকে রোববার দুপুরে কেএমপির পক্ষ থেকে শিল্পাঞ্চলে মাইকিং করে শ্রমিকদের শান্ত থাকতে বলা হয়। এতে আরো বলা হয়, জরুরি অবস্থায় যারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেবে তাদের এবং তাদের আশ্রয় প্রশয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খালিশপুর শিল্পাঞ্চলের প্লটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও ষ্টার জুট মিলের ২১ হাজার শ্রমিক-কর্মচারী ১৮ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে গত ১৬ এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছেন। গত ৫দিন ধরে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা ৪০ কোটি টাকা বকেয়া রেখেই ওই চারটি পাটকল সাময়িকভাবে বন্ধ করে দেয়। শনিবারও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শটগানের গুলিতে শতাধিক শ্রমিক আহত হন।