২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ঘুষ নেওয়ার সময় এসআই গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর থানার উপ-পরিদর্শক মোর্তুজা আলী এক ব্যক্তির কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনীর হাতে ধরা পড়েছে। উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনী তাকে হাতেনাতে গেপ্তার করার কথা জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 12:32 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মামলার ব্যাপারে বাদী আব্দুস সাত্তারের কাছে উপ-পরিদর্শক মোর্তুজা আলী ছয় হাজার টাকা ঘুষ দাবি করে। শেষ পর্যন্ত দুই হাজার টাকায় রফা হয়। আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম ঘুষ দেওয়ার জন্য টাকা যোগাড় করে বিষয়টি র‌্যাবকে জানায়। র‌্যাব সদস্যরা ওই টাকার (দুইটি পাঁচশ টাকা ও দশটি একশ টাকার নোট) ফটোকপি রেখে টাকাগুলো খামে ভরে শরিফুলকে দেয়।

শনিবার দুপুরে মহেশপুর বাজারে ওই টাকা নেওয়ার সময় ওৎ পেতে থাকা যৌথবাহিনী মরতুজা আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে মেজর হাফিজুর রহমান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত উপ-পরিদর্শক মরতুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালামকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।