২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার

জেলার রাউজানের সারেং বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে র‌্যাব সদস্যদের। এ ঘটনার পর র‌্যাব দুটি বন্দুক উদ্ধার করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:09 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি জাহাঙ্গীর আলম জানান, একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে তাদের একটি দল শুক্রবার মধ্যরাতে রাউজানের সারেং বাজার এলাকায় ব্রিজের কাছে অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে সন্ত্রাসীরা ব্রিজের কাছে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

জাহাঙ্গীর আলম জানান, দুপক্ষের মধ্যে কমপক্ষে ৩৫ রাউন্ড গোলাগুলি হয়েছে। র‌্যাবের পাল্টা আক্রমণের মুখে টিকতে না পেরে একসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি দোনালা বন্দুক উদ্ধার করে।

অন্যদিকে, কোস্টগার্ড বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরের নরম্যানস পয়েন্টে অভিযান চালিয়ে শনিবার ভোর পাঁচটার দিকে সাতশ ৬০ ক্যান হেনিক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার নাম আব্দুস সোবহান (৩২)।

এ সময় কোস্টগার্ডের দলটি একটি মোটর সাইকেলও আটক করে।

লেফটেন্যান্ট কমান্ডার এহসানউল্লাহ খান জানান, উদ্ধার করা বিয়ার ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য চার লাখ ৬০ হাজার টাকা।