যশোরে খাদ্য বিভাগের ৩ কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে মামলা
যশোর সরকারি খাদ্য গুদাম থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৯ হাজার ২৭০ কেজি চাল পাচারের অভিযোগে খাদ্য বিভাগের তিন কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে যশোর সদর খাদ্য গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন খাদ্য উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী খাদ্য পরিদর্শক সেলিম রেজা, ওসি এল এসডি রাজগৌর ভট্টাচার্য এবং চার চাল ব্যবসায়ী শ্যামল পাল, শামছুর রহমান, আলমগীর ও নিজাম উদ্দিন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ট্রাক বোঝাই করে চাল পাচারের সময় যৌথ বাহিনী খাদ্য বিভাগের তিন কর্মকর্তাসহ সাতজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হতে পেরেছে যে তারা পাচারের সঙ্গে জড়িত ছিল।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া পুলিশ খাদ্য গুদামটি বন্ধ করে দিয়েছে।
