২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কটে বন্ধের পথে বরিশালের শিল্প কারখানা

বিদ্যুৎ সঙ্কটের কারণে বরিশালের ভারী শিল্প কারখানাগুলো বন্ধ হতে চলেছে। একে তো সরবরাহের ঘাটতি, তার ওপর ভোল্টেজও কম। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 12:23 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

যে চারটি প্রতিষ্ঠান বিদ্যুতের কারণে সবচেয়ে বেশি ভুগছে সেগুলো হলো অলিম্পিক সিমেন্ট লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল মিল, ফাইবার টেক্সটাইল মিল এবং কে জি এল জুট মিল।

সোনারগাঁও টেক্্রটাইল মিল এর মহা ব্যবস্থাপক খোকন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন চারটি কারখানায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। অথচ পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) গত চার মাস ধরে সরবরাহ করছে মাত্র চার থেকে পাঁচ মেগাওয়াট। যা দিয়ে সারাদিনে মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা কারখানা চালানো যাচ্ছে।

তিনি জানান, সোনারগাঁও টেক্সটাইল মিলে উৎপাদনের জন্য ৪৪০ ভোল্টের প্রবাহ প্রয়োজন। কিন্তু সাড়ে তিনশ ভোল্টের বেশি মাত্রার প্রবাহ পাচ্ছেন না তারা। ফলে যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

খোকন চৌধুরী জানান, সমস্যা সমাধানে মঙ্গলবার চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা বৈঠকে বসেন। বিদ্যুৎ সমস্যার আশু সমাধানের দাবিতে কয়েক দিনের মধ্যে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন তারা।

অলিম্পিক সিমেন্ট লিমিটেড এর কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রতিষ্ঠানে ২ দশমিক ৫০ মেগাওয়াট চাহিদা রয়েছে। অথচ তারা পাচ্ছেন এক মেগাওয়াট বিদ্যুৎ। ফলে সাড়ে নয়শ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিমেন্ট কারখানাটির উৎপাদন তিনভাগ কমে গেছে।

তিনি আরও জানান, এখনও তাদের কারখানায় ১০ হাজার মেট্রিক টন সিমেন্টের অর্ডার রয়েছে। ঘাটে জাহাজ, ট্রলার নোঙর করে আছে। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় তারা সরবরাহ করতে পারছেন না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এর খুলনা বিভাগীয় পরিচালক (অপারেশন) মো. আবদুল্লাহ বলেন, “বিদ্যুৎ বিভাগের সীমাবদ্ধতার কারণে এত দ্রুত সমস্যার সমাধান সম্ভব নয়। তবে শিল্প প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”