২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন দুর্নীতিবাজদের গ্রেপ্তারের ক্ষমতা পেল কমিশন

সন্দেহভাজন দুর্নীতিবাজদের ধরতে আদালতের অনুমতি লাগবে না দুর্নীতি দমন কমিশনের। বুধবার দুর্নীতি দমন আইন সংশোধন করে জারি করা এক অধ্যাদেশে বলা হয়েছে, কমিশনের যেকোনো কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবে সন্দেহভাজনদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ অনুসারে মামলা করা হলে তা হবে জামিন অযোগ্য।

এতে কমিশনের অনুপস্থিতিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কাজ করা হয়েছে তার বৈধতাও দেওয়া হয়েছে।

১৬ এপ্রিল উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০০৭ এর চূড়ান্ত অনুমোদন দেয়।

অধ্যাদেশটি ৭ ফেব্রুয়ারি ২০০৭ সাল থেকে কার্যকর হবে।

সন্দেহভাজন দুর্নীতিবাজদের গ্রেপ্তারের ব্যাপারে বলা হয়েছে, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে কমিশন মামলা দায়েরের আগেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে।

তবে কমিশনের অনুমোদন ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। অনুমোদনের কপি তদন্ত প্রতিবেদনের সঙ্গে আদালতে পেশ করতে হবে। অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা হলে আদালত বিচারের জন্য ওই মামলা গ্রহণ করতে পারবে না।

এর আগে গত ২৯ মার্চ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘দুর্নীতিদমন কমিশন বিধিমালা ২০০৭’ কার্যকর করা হয়। এ বিধিমালায় দুর্নীতিবাজদের ধরতে কমিশনকে ‘ফাঁদ’ মামলা করার ক্ষমতা দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ কিংবা মামলা হওয়ার আগেই তার সম্পত্তি বাজেয়াপ্ত করারও অনুমতি দেওয়া হয়।