খুলনায় শ্রমিকদের পাওনা ৪০ কোটি টাকা বকেয়া রেখেই চারটি পাটকল বন্ধ ঘোষণা
বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের পাওনা ৪০ কোটি টাকা বকেয়া রেখেই খুলনার চারটি পাটকল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেএমসির সচিব ফজলুল হক ফ্যাক্সে মিলগুলোতে এ নির্দেশ পাঠান। ওই নির্দেশে প্লাটিনাম জুবিলি জুট মিল ৪৫ দিনের জন্য এবং ক্রিসেন্ট জুট মিল, পিপলস জুট মিল ও স্টার জুট মিল ২১ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়।
এদিকে বৃহস্পতিবার সকাল ও দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের চারটি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বিজেএমসি ও স্থানীয় প্রশাসনের দু’দফা বৈঠক হয়। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামিম আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম বৈঠকে শ্রমিক নেতারা বকেয়া মজুরি পরিশোধ করা না হলে শ্রমিকরা কাজে ফিরে যাবে না বলে কঠোর অবস্থান নেন।
দুপুরে কেএমপি কমিশনার নাজমুল হকের সঙ্গে আবোরো বৈঠকে বসেন শ্রমিকরা। কিন্তু এ বৈঠকেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বৈঠকে কেএমপি কমিশনার শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান।
দুপুরে যৌথবাহিনীর সদস্যরা জরুরি অবস্থা চলাকালে বিক্ষোভ, সমাবেশ ও আইন-শৃংখলা পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করেন।
সন্ধ্যায় মিলগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ পাঠায় বিজেএমসি। প্রতিটি মিলের গেটে এ নির্দেশ টানিয়ে দেওয়া হয়েছে।
পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজেএমসির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফ্যাক্সে পাটকল চারটি বন্ধের এই নির্দেশ দেওয়া হয়।
এদিকে মঙ্গল ও বুধবারের পুলিশ-শ্রমিক সংঘর্ষের পর বৃহস্পতিবার সারাদিন খুলনা শহরে হরতাল পালিত হয়। সন্ধ্যার পর মিল বন্ধের খবর পেয়ে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক মিছিল করে শহরের নতুন রাস্তার মোড়ের দিকে রওনা হন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আন্দোলনরত শ্রমিকরা পিছু হটেন।
শিল্পাঞ্চলে সারাদিনই থমথমে অবস্থা বিরাজ করলেও বড় ধরনের সংঘর্ষ হয়নি। গোটা শিল্পাঞ্চলের আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য বিডিআর, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বুধবার রাতে সংঘর্ষ ও পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিন হাজার শ্রমিককে আসামী করে একটি মামলা দায়ের করেছে দৌলতপুর থানা পুলিশ।
