২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অপপ্রচার মোকাবিলা করবে বিবিসিসি

বাংলাদেশে পোশাক শিল্প ও ভাবমূর্তি নিয়ে ইউরোপে যে কোনো ধরনের অপপ্রচার বন্ধে কাজ করবে বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অব কমার্স (বিবিসিসি)। এছাড়া রপ্তানি বাজার সম্প্রসারণ, কৌশল নির্ধারণ ও স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার বিজিএমইএ ও বিবিসিসির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারক অনুসারে বিবিসিসি বাংলাদেশের পোশাক শিল্প ও ভাবমূর্তি যুক্তরাজ্যসহ ইউরোপের বাজারে তুলে ধরবে। এই শিল্প নিয়ে ইউরোপের দেশগুলোতে অপপ্রচার হলে তা মোকাবিলা করবে তারা।

সমঝোতা স্মারকে বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম ও বিবিসিসি ডিরেক্টর জেনারেল আজিজ উর রহমান স্বাক্ষর করেন।

এর আগে ঢাকা চেম্বার অব কমার্সের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন বিবিসিসির প্রতিনিধিরা।

মত বিনিময় সভায় বিবিসিসির চেয়ারম্যান ড. ওয়ালী তাসর উদ্দিন বলেন, আমরা শুধু ব্রিটেন নয় পুরো ইউরোপেই বিনিয়োগ করছি। সেদিক থেকে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করলে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।

ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হোসাইন খালেদ সভায় বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়লেও তা খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। ২০০৪-২০০৫ অর্থবছরের তুলনায় ২০০৫-২০০৬ অর্থবছরে ব্রিটেনে বাংলাদেশ থেকে রপ্তানি ১১ শতাংশ এবং আমদানি ১৩ শতাংশ বেড়েছে।

মতবিনিময় সভায় অক্টোবরে লন্ডনে এক্সপো বাংলাদেশ ২০০৭ এর প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ মেলায় তৈরি পোশাক, টেক্সটাইল, হিমায়িত খাদ্য, ওষুধ, চামড়াজাত পণ্য ও তথ্য প্রযুক্তিসহ উদীয়মান খাতের স্টল থাকবে।

গত ১৬ এপ্রিল থেকে বাংলাদেশ সফর করছে বিবিসিসির ৩০ সদস্যের প্রতিনিধি দল। তারা এফবিসিসিআইসহ অন্যান্য চেম্বার, বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে।