২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পৌঁছেছেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল দেশে ফেরার লক্ষ্যে লন্ডন পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 04:29 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় তিনি লন্ডন পৌঁছান বলে আওয়ামী লীগ সভানেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়।

বুধবার ওয়াশিংটন ডিসি সময় রাত ৯টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৫) শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ডালাস বিমান বন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওঠেন।

বিমান বন্দরে ছেলে সজীব ওয়াজেদ জয় ও ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতা কর্মীরা হাসিনাকে বিদায় জানান।

বুধবার সরকার এক প্রেসনোট দিয়ে জানায়, হাসিনা দেশে ফিরলে পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। দেশ-বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়টিকে হাসিনার দেশে ফিরতে নিষেধাজ্ঞা হিসেবে বলা হয়েছে।

ওইদিনই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ২৩ এপ্রিলই দেশে ফিরতে চান।