ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ বন্ধের চেষ্টা ব্যর্থ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের তলদেশে সমস্যার কারণে তা শেষপর্যন্ত বন্ধ করা সম্ভব হয়নি। গ্যাসের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় কূপের মুখ থেকে ৫০/৬০ ফুট উঁচু হয়ে আগুন জ্বলতে দেখা গেছে।
বাপেক্স গত তিনদিন ধরে কূপটি বন্ধ করার জন্যে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর মাগুরছড়া গ্যাসক্ষেত্রে কাজ করা নাইকোর ড্রিলিং বিশেষজ্ঞ বব গ্রেসকে খবর দেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যেই তিনি ব্রাহ্মণবাড়িয়া এসে কূপটির উৎপাদন সাময়িক বন্ধের জন্য কাজ শুরু করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কূপটি সাময়িকভাবে বন্ধ করতে গিয়ে বাপেক্সের বিশেষজ্ঞ দল কূপের মধ্যে বিশেষ ধরনের ফ্লুইড জাতীয় কেমিক্যাল ঢুকানোর পরও গ্যাস উদগিরণ বন্ধ করতে পারেনি। এসময় কূপের পাশের একটি জলাধারে প্রতিদিন প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পুড়িয়ে ফেলতে শুরু করে কোম্পানিটি।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল আবেদীন জানান, বাপেক্সের পরীক্ষা-নিরীক্ষায় কূপের তলদেশে সমস্যা দেখা গেছে।
এ অবস্থায় কূপটি সাময়িক বন্ধ করে দিলে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। আর সেকারণেই কূপটি এখন বন্ধ না করে কূপটির উৎপাদিত শতকরা ৭৫ ভাগ গ্যাস আবারও ট্রান্সমিশন লাইনে সরবরাহ করা হচ্ছে এবং বাকি ২৫ ভাগ গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে।
তিনি জানান, ৩ নম্বর কূপ সাময়িক বন্ধের প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। নাইকোর বিশেষজ্ঞ বব গ্রেস দুএকদিনের মধ্যে এসে বন্ধ প্রক্রিয়া শুরু করবেন।
এদিকে ৩ নম্বর কূপ থেকে বের হওয়া গ্যাসের আগুনের তাপে আশ-পাশের গাছপালা পুড়ে যাচ্ছে এবং উঠতি ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি সূত্র জানিয়েছে, আনন্দপুর ও শ্যামপুরে গ্যাস উদগিরণ রোধে তিতাস গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
গত বৃহস্পতিবার কূপটি বন্ধ করার পর থেকেই বেপরোয়াভাবে গ্যাস বের হতে থাকে ওই কূপটি থেকে। কর্তৃপক্ষ তখন পাশের একটি জলাধারে গ্যাস পুড়িয়ে ফেলতে শুরু করে। পরে বাপেক্সের পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, ৩ নম্বর কূপের তলদেশে বড় ফাটল রয়েছে।
এ অবস্থায় কূপটি বন্ধ করলে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। ফলে কূপটি বন্ধ না করে ৩ নম্বর কূপের উৎপাদিত গ্যাসের শতকরা ৭৫ ভাগ ট্রান্সমিশন লাইনে পাঠানো ও শতকরা ২৫ ভাগ গ্যাস পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে কূপটি থেকে অনবরত বের হওয়া গ্যাসে আগুন জ্বালিয়ে দেওয়ায় আশেপাশের লোকজনের মনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, কূপটি বিস্ফোরিত হয়ে মাগুরছড়ার মতো আগুন ধরে গেছে।
তবে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মাহাবুবুর রহমান জানান, আগুন দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়ন্ত্রিতভাবেই গ্যাস পুড়িয়ে দেওয়া হচ্ছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিনের নেতৃত্বে কোম্পানির জিএম (অয়েল সার্ভিস) ইউসুফ আলী, জিএম (ভূ-তত্ত্ব) আবদুল বাকি, ডিজিএম (ড্রিলিং) মো. শাহাবউদ্দিনসহ একটি বিশেষজ্ঞ দল ৩ নম্বর কূপে দিনরাত কাজ করছে।
