পরিবেশ রক্ষায় আমাদেরকে এখনই উদ্যোগ নিতে হবে: সি এস করিম
পরিবেশ ও বন উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম বলেছেন, “কোনো দেশ বা জাতি এককভাবে পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী নয়। তবে প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হবে। এ ব্যাপারে দায়িত্ব পালনে আমরা উদ্যোগী না হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”
বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক পরিবেশ ব্যবস্থাপনায় জাতীয় সমর্থন’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়, গ্লোবাল এনভায়রনমেন্ট ফোরাম ও ইউএনডিপি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
উপদেষ্টা বলেন, “আগামী ৪০ থেকে ৫০ বছর পর বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সমুদ্রে তলিয়ে যাবে। লবণাক্ততার কারণে কয়েক লাখ হেক্টর জমি আবাদের অনুপযোগী হয়ে পড়বে। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে এখনই উদ্যোগী ভূমিকা নিতে হবে।”
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর ড. আইনুন নিশাত ও বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মনোজ বাসনিয়াত।
পরিবেশ বিশেষজ্ঞরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা, এনজিও ও দাতা সংস্থার দুই শতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।
