২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদে বাধা দেওয়ায় খুলনায় ১ জনের কারাদণ্ড

জেলার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারে যৌথবাহিনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার অপরাধে ব্যবসায়ী সাকো ওরফে ইব্রাহিম খাঁকে চার বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 10:49 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

খুলনার দ্রুতবিচার আদালতের বিচারক এস এম মাসুদুল হক মঙ্গলবার এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৫ জানুয়ারি যৌথবাহিনী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলতলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলার দামোদর কলোনীর মুনসুর খাঁ ও তার ছেলে সাকো ওরফে ইব্রাহিম খাঁ উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন। পরদিন তারা বাজারের সরকারি টোল ঘরে যাতায়াতের পথ বন্ধ করে দেন।

এ কাজে বাধা দেওয়ায় তার স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের লোকজনের ওপর হামলা চালান। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক ২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা দারোগা মো. সোহেল রানা ১২ ফেব্রুয়ারি বাবা ও ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার সাকো ওরফে ইব্রাহিমকে চার বছরে সশ্রম কারাদণ্ড এবং তার বাবা মুনসুর খাঁকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন।