খুলনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৩৫ জন আহত
খুলনা মহানগরীর তিনটি পাটকলের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মঙ্গলবার ৩৫ জন আহত হযেছে। আহতদের মধ্যে পুলিশের সহকারী কমিশনারসহ ১৫ জন পুলিশ রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ১৫ পুলিশ আহত হয়েছেন। শ্রমিকদের ওপর দুই রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তবে কোনও শ্রমিক আহত হননি।”
নাজমুল হক জানান, ৮/৯ মাসের নায্য বেতন ভাতার দাবিতে খুলনার তিনটি সরকারি পাটকল প্লাটিনাম, ক্রিসেন্ট ও পিপলের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। মঙ্গলবার সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁেড় মারে। এতে ১৫ পুলিশ আহত হয়। এ ঘটনায় কোনও শ্রমিককে গ্রেপ্তার করা হয়নি।
উপ পুলিশ কমিশনার মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবীর।
খুলনা প্রতিনিধি জানান, পুলিশ শ্রমিক সংঘর্ষ শুরু হয় হয় মঙ্গলবার সন্ধা ছয়টায়। পুলিশ লাঠিচার্জ করে রাত পৌনে আটটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুরের বিআইডিসি সড়কে তিনটি পাটকলের শ্রমিকরা বিক্ষোভ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এর আগে সকালে প্লাটিনাম ও ক্রিসেন্ট পাটকলের শ্রমিকরা বিআইডিসি সড়কে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
