আট যুগ্ম-সচিবের পদায়ন
প্রশাসনের ১০ জন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে আটজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবের পদায়ন ও দুই যুগ্ম-সচিবকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার এসব রদবদলের আদেশ জারি করা হয়।
খুলনার সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব) বাহাজউদ্দিন মিয়াকে স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক, ওএসডি যুগ্ম সচিব দিলীপ কুমার বসাককে বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) পরিচালক, রণজিত কুমার বিশ্বাসকে জাতীয় পুষ্টি কার্যক্রমের নির্বাহী পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব স্বপন কুমার সরকারকে ট্যারিফ কমিশনের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব লতিফুর রহমানকে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মাসুদুর রহমানকে সরকারী কর্মকমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব এবং ওএসডি যুগ্ম-সচিব তাপস কুমার রায়কে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক এম আলী আহমেদকে বাংলাদেশ বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের (ব্যান্সডক) পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আতাউল হক মোল্লাকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ রেশম বোর্ড, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী পদে প্রেষণে কর্মরত নিশিত রঞ্জন পালকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য পূর্বের কর্মস্থল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব দিলজুয়ারা খানমকে জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
