খেলা দেখার অপরাধে ১৫ মাদ্রাসা ছাত্রের খাবার বন্ধ
খুলনার ফুলতলা উপজেলার আহমাদিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৫ শিক্ষার্থীর খাবার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দৃষ্টিতে শিক্ষার্থীদের অপরাধ বেশ গুরুতর। মাদ্রাসায় পড়েও টেলিভিশনে তারা দেখেছে বিশ্বকাপ ক্রিকেট খেলা! আর তাই মোক্ষম শাস্তি হিসাবে দুদিন ধরে বন্ধ রাখা হয়েছে খাবার সরবরাহ।
মাদ্রাসা সূত্র জানিয়েছে, রোববার রাতে কর্তৃপক্ষকে না জানিয়ে মাদ্রাসার পাশের একটি দোকানে টিভি দেখতে যায় আলিম, নবম ও অষ্টম শ্রেণীর ছাত্র মুজাহিদ, মুসা, আকতার, ইসরাফিল, জাফর, মুরাদ, ইমরান, শরিফুল, রফিকুল, ওমর, মামুন, ফিরোজ, নাহিদ, আবু হানিফ ও রাসেল। টিভিতে চলছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেট খেলা।
বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানার পর সোমবার সকাল থেকে শাস্তি হিসেবে বন্ধ করে দেয় খাবার সরবরাহ।
এতিমখানার তত্ত্বাবধায়ক মৌলভী ইদ্রিস আলী জানান, অনুমতি ছাড়া সন্ধ্যার পর বোডিং থেকে ছাত্রদের বের হওয়া নিষেধ থাকলেও তারা সেটি মানেনি। তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।
