বিটিভির সংযোগ সুবিধা একুশেকে দেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন
একুশে টেলিভিশনকে স্যাটেলাইট সংযোগ ছাড়া সম্প্রচার সুবিধা দেওয়ার আদেশ বাতিলের আবেদন করেছে সরকার। বুধবার হাইকোর্টে এর শুনানি হবে।
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোহাম্মদ মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এ আবেদন দায়ের করেন। তার পক্ষে আবেদনটি আদালতে উপস্থাপন করেন সরকারের ডেপুটি এটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
হাইকোর্টের দেওয়া তরঙ্গ বরাদ্দের আদেশ বাতিলের আবেদনে বলা হয়, ২০০৬ সালের ৩০ অক্টোবরের আদেশ অনুযায়ী কেবল বিটিভিই স্যাটেলাইট সংযোগ ছাড়া (টেরিস্ট্রিয়াল) সম্প্রচার করতে পারে। বিটিভির জন্যই এই সুবিধা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া একুশে টিভির সঙ্গে বিটিভির টেরিস্ট্রিয়াল সম্প্রচারের কোন চুক্তি করার সুযোগ নেই। তাছাড়া বিটিভির সম্প্রচার টাওয়ার অত্যšত স্পর্শকাতর এলাকা। বিটিভি ছাড়া অন্য কারো ওই এলাকাতে প্রবেশাধিকার দিলে নিরাপত্তা বিঘিœত হবে।
আবেদনে আরও বলা হয়েছে, আদালতের রায়ে একুশে টিভির লাইসেন্স বাতিলের পর এর সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের নতুন কোন চুক্তি হয়নি। এসব কারণে ন্যয়বিচারের স্বার্থে হাইকোর্টের গত ৭ মার্চের আদেশ বাতিল বা সংশোধন করা প্রয়োজন।
লাইসেন্স গ্রহণে অনিয়মের কারণে ২০০২ সালের ২৯ আগস্ট আপিল বিভাগের রায়ে একুশে টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে ওই রায়ে বলা হয়েছিল, একুশে টেলিভিশন নতুন করে লাইসেন্সের আবেদন জানালে সরকার তা বিবেচনা করতে পারে।
আপিল বিভাগের রায়ে একুশে টেলিভিশনের লাইসেন্স বাতিলের পর তথ্য মন্ত্রণালয় পরে ইটিভিকে ২০০৫ সালের ১১ এপ্রিল পুনঃসম্প্রচারের অনুমোদন দেয়। কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) তরঙ্গ বরাদ্দ না দিলে ইটিভি হাইকোর্টে রিট মামলা দায়ের করে।
রিটটি শুনানি শেষে গত ৭ মার্চ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দ¯তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৫ দিনের মধ্যে একুশে টিভিকে টেরিস্ট্রিয়াল মাধ্যমে সম্প্রচারের জন্য ভিএইচএফ তরঙ্গ বরাদ্দ দিতে বিটিআরসিকে এবং পুন:সম্প্রচারের জন্য বিটিভির সম্প্রচার টাওয়ার প্রাঙ্গণে ইটিভি কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নির্দেশ দেয়।
হাইকোর্টের আদেশের পর ২৯ মার্চ বিটিআরসি ইটিভিকে টেরিস্ট্রিয়াল মাধ্যমে সম্প্রচারের অনুমতি দেয়। কিন্তু গণমাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে সরকার এ অনুমতি স্থগিত করে।
