বসুন্ধরা কার্যালয়ে যৌথবাহিনীর তল্লাশি
বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয় বসুন্ধরা সিটিতে মঙ্গলবার যৌথবাহিনী তল্লাশি চালিয়ে প্রতিষ্ঠানটির বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে।
সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে অংশ নেওয়া মেজর এমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাউকে আটক বা তুলে নিতে আসিনি, কিছু কাগজপত্র পরীক্ষা ও কিছু জব্দ করেছি।”
প্রতিষ্ঠানটির সিকিউরিটি সুপারভাইজার ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনা সদস্যরা এসেই সব ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা প্রত্যেকটি ফ্লোরে ঢুকে নথিপত্র চেক করে ও অনেক ফাইল ও কম্পিউটার ডিস্ক সঙ্গে করে নিয়ে যায়।”
এর আগে গত ১১ এপ্রিল বিকালে যৌথবাহিনী বসুন্ধরা গ্রুপের শীর্ষ ৯ ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে এদের মধ্যে বসুন্ধরার তিন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মুস্তাফিজুর রহমান, মেজর (অব.) মো. জাহিদ, ও মেজর (অব.) মো. তৌহিদ এবং প্রধান নিরাপত্তারক্ষী আমিনুল হককে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর অপর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. বেলায়েত হোসেন, অপর নির্বাহী পরিচালক শামীম আহমেদ, ঊর্ধ্বতন জেনারেল ম্যানেজার (ভূমি) মো. লিয়াকত হোসেন, ঊর্ধ্বতন জেনারেল ম্যানেজার (ভূমি) বিদ্যুৎ কুমার ভৌমিক এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবদের একজন এ আর রশীদ এখনো যৌথবাহিনীর হেফাজতে আছেন।
