ঢাকার ওয়ার্ড কমিশনার খাজা হাবিব গ্রেপ্তার
ঢাকা সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা খাজা হাবিবউল্লাহ হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশের গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর পরিচালক সুলতান মোহাম্মদ নুরানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যা ৬টার দিকে খাজা হাবিবের শ্যালক ফয়সাল ও সহযোগী অপু শাহবাগের একটি ফুলের দোকানে ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই সময় সাদা পোশাকের র্যাব সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে। ফয়সালের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে খাজা হাবিবকে গ্রেপ্তার করা হয়।”
তিনি জানান, খাজা হাবিব দীর্ঘদিন ধরে শাহাবাগের ফুলের বাজারে চাঁদাবাজি করে আসছিলো।
২০০২ সালের ৩০ নভেম্বর আজিমপুরে গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার হন খাজা হাবিব। ২০০৩ সালের ৩ আগস্ট অস্ত্র মামলার তার ২৭ বছরের কারাদণ্ডাদেশ হয়। কিন্তু চার মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিনে বের আসেন তিনি।
