শেরপুরে জেএমবির আঞ্চলিক প্রধানসহ ১৩ জন গ্রেপ্তার
শেরপুর জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধানসহ ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সম্প্রতি ঢাকা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী শেরপুর পুলিশ এই ১৩ জনকে গ্রেপ্তার করে।
এরা হলেন জেএমবির জামালপুর-শেরপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান মাসুদ রানা (২২), মিন্টু মিয়া (২০), মোবারক আলী (২১), সোহাগ মিয়া (১৭), সেলিম মিয়া (২০), সাখাওয়াত হোসেন সুমন (২০), স্বপন মিয়া (১৯), নাসিরুল আলম নাহিদ (১৯), নজরুল ইসলাম (১৯), সামছুল আরেফিন সোহেল (১৮), আবু হানিফ (২০), আবদুর রউফ (১৮) ও সাইফুল ইসলাম (২১)।
পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবির আঞ্চলিক প্রধান মাসুদ জানিয়েছেন, বাংলা ভাইয়ের ফাঁসির পর গাইবান্ধার মতিন মেহেদী জেএমবিকে পুনর্গঠিত করে কার্যক্রম পরিচালনা করছেন। তার নেতৃত্বেই গ্রেপ্তারকৃতরা জেএমবির পক্ষে কাজ করছিলেন।
জেলা পুলিশ সুপার গাজী জসিমউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা সবাই শেরপুর পৌর এলাকার বাসিন্দা এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র। মাসুদের স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
