কোকোকে ছেড়ে দেওয়া হলো
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সোমবার রাতে বাসায় ফিরিয়ে দিয়ে গেছে যৌথবাহিনী। বিভিন্ন সূত্র এবং বাড়ির একজন কর্মচারী এ তথ্য জানিয়েছেন।
রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় পৌঁছে দেওয়া হয়। ঠিক ২৪ ঘন্টা আগে তাকে এই বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল।
ওই বাড়ির একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন: “ কোকো স্যার পৌনে একটার দিকে বাড়িতে ঢোকেন।” সংশ্লিষ্ট সূত্রগুলোও জানায়, জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় কোকোকে বাড়িতে রেখে আসা হয়।
সোমবার তাকে আদালতে হাজির করা হয়নি কিংবা থানায়ও সোপর্দ করা হয়নি।
গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন সোমবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, কোকোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে টাস্কফোর্স। তদন্তের সার্বিক তদারকির দায়িত্বে থাকবে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি।
তিনি বলেন “কোকোকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে কী অভিযোগ তা আমি জানি না। তবে নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে। এ ধরনের অভিযোগে যে কাউকেই গ্রেপ্তার করা যেতে পারে।”
সোমবার সন্ধ্যায় কোকোকে আদালতে নেওয়ার প্রস্তুতি ছিল স্পষ্ট। তাকে আনা হবে মনে করে আদালত চত্বরে আইনজীবী, সাংবাদিক ও কৌতুহলী মানুষের বেশ ভিড় ছিল। ওই সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে র্যাব ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সন্ধ্যা সাড়ে সাতটার পরে নিরাপত্তার কড়াকড়ি তুলে নেওয়া হয়।
সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে হাকিম এমএ সালামও আদালত থেকে বের হয়ে যান। তবে রাত আটটার দিকেও আরাফাতের পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে অপেক্ষায় থাকতে দেখা যায়।
সন্ধ্যায় পুলিশের একটি উচ্চ পর্যায়ের সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে কোকোকে আদালতে হাজির করা হবে। এদিন তার বড় ভাই তারেক রহমানকেও দ্রুত বিচার আদালত-২ এ আনা হবে এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগ গঠন করা হবে।
দেশে জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ শহীদ মইনুল সড়কের বাসা থেকেই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে যৌথবাহিনী আটক করে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তারেক রহমানকে গ্রেপ্তারের ৪০ দিনের মাথায় তার ছোট ভাই আরাফাতকে আটক করা হয়।
