২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোটি টাকার জমি উদ্ধার, বিলবোর্ড উচ্ছেদ

যৌথবাহিনী সোমবার নগরীর টাইগারপাস মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রেলওয়ে ও সেনাবাহিনীর প্রায় এক কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে। এ সময় অবৈধ দখলদারিত্বের অভিযোগে এখান থেকে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 09:41 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ দিন রেলওয়ে ও সিটি কর্পোরেশনও পৃথক অভিযান চালিয়ে নগরীর ইস্পাহানি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশের প্রায় শতাধিক বিজ্ঞাপনী স্থাপনা উচ্ছেদ করেছে।

রেলওয়ে সূত্র জানায়, টাইগারপাস মোড়ে রেলওয়ের পাহাড়ের পাদদেশে প্রায় এক একর সমতল জায়গাটিতে টিনের চালা দিয়ে দোকান ও বস্তিঘর গড়ে তোলার পাশাপাশি একটি বহুতল ভবনও নির্মাণ করা হয়। সোমবার এই বহুতল ভবন ও বস্তিঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

এ অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. মাসুম আহমেদ, সেনাবাহিনী ও রেলওয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে, রেলওয়ে ও সিটি কর্পোরেশন সূত্র জানায়, ব্যস্ততম এই সড়কের দুইপাশে এবং পাহাড়ে অনেক বিজ্ঞাপন বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। এগুলো স্থাপনে নানা অনিয়মের অভিযোগ থাকায় তা উচ্ছেদ করা শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে বুলডোজার, ক্রেন ও কাটার দিয়ে অনেক বিলবোর্ড, ওভারহেড, ইউনিপোল ও লাইটবক্স ভেঙে ফেলা হয়।

এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান।

এর আগে গত শুক্রবার নগরীর কাজীর দেউড়ি থেকে ওয়াসা মোড় পর্যন্ত বিজ্ঞাপনী স্থাপনাগুলো উচ্ছেদ করে সিটি করপোরেশন।