ধর্ষণের দায়ে বরিশালে যুবকের যাবজ্জীবন
কিশোরীকে ধর্ষণের দায়ে বরিশালে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বেলায়েত হোসেন সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মিলন হাওলাদার (২৮)। তার বাড়ি নগরীর রুপাতলীতে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৪ জানুয়ারি রাতে একই এলাকার এক তরুণীকে ভুয়া কাবিননামায় বিয়ে করে মিলন।
এরপর তাদের সন্তান হলে মিলন তরুণীটিকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে। একপর্যায়ে তরুণীটি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বিচার বিভাগীয় তদন্ত ও সাক্ষ্য প্রামাণে ঘটনার সত্যতা পাওয়ায় বিচারক আসামীর বিরুদ্ধে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
বিচারক তার রায়ে অপরাধীর স্থাবর সম্পত্তি ক্রোক ছাড়াই নিলামে বিক্রি করে সব টাকা ট্রাইব্যুলালে হস্তান্তরেরও নির্দেশ দিয়েছেন।
ওই টাকার অংশ বাদী ক্ষতিপূরণ হিসেবে পাবেন এবং তার সন্তান মিলনের ঔরসজাত হিসাবে সমাজে পরিচিত হবে। এই সন্তানের ২১ বছর বয়স পর্যন্ত খরচ বহন করবে মিলন।
