২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই আ. লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আফসারুল আমিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আবদুল মান্নান নামে এক চায়ের দোকানদার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

নগরীর ১৫ নম্বর স্টেশন রোডের এই চায়ের দোকানদার রোববার রাতে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে নিজেকে একজন বিএনপি কর্মী দাবি করে আবদুল মান্নান অভিযোগ করেন, এ বছরের ৯ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আফসারুল আমিন প্রভাব খাটিয়ে তার চায়ের দোকান থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে তারা মারধর ও দোকান ভাংচুর করে এবং মেরে ফেলারও হুমকি দেয়।

এজাহারে তিনি আরও বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে এই দুই নেতা বিভিন্ন সময়ে তার কাছ থেকে চাঁদা দাবি করেছেন এবং হুমকি দিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, মামলায় ডা. আফসারুল আমিনকে এক নম্বর ও ইনামুল হক দানুকে দুই নম্বর আসামী করা হয়েছে।

কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, রোববার রাতে এই চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, মামলার তদন্তভার থানার অপর উপ পরিদর্শক মো. হুমায়ুনকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানার জন্য বার বার চেষ্টা করেও আওয়ামী লীগের এই দুই নেতাকে পাওয়া যায়নি। তাদের মোবাইল বন্ধ ছিল এবং বাসা থেকে বলা হয়েছে, তারা বাসায় নেই।