২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক মামলায় ৬ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

দেশজুড়ে বোমা হামলার অংশ হিসেবে চট্টগ্রামে হামলা এবং আদালত ভবনে আত্মঘাতী বোমা হামলাসহ চারটি পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে অভিযুক্ত করে সোমবার অভিযোগ গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতার হোসেনের আদালতে সোমবার এসব মামলার অভিযোগ গঠন করা হয়। আদালত এসব মামলার শুনানি শুরুর জন্য আগামী ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন।

অভিযুক্ত জেএমবি সদস্যরা হলেন, জাবেদ ইকবাল, আলাউদ্দিন প্রকাশ রুবেল, আশরাফুল আলম, বোমা মিজান, নাইমুজ্জামান ও রফিকুল ইসলাম ওরফে নোমান।

আদালত সূত্র জানায়, এ সব মামলার অভিযোগ পত্রে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানির নাম থাকলেও ভিন্ন মামলায় তাদের ফাঁসি হয়ে যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে আবুল হোসেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ায় তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মহানগর পিপি আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে পলাতক বোমা মিজান ছাড়া অন্যরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

তিনি জানান, ২০০৫ সালে দেশজুড়ে বোমা হামলার অংশ হিসেবে চট্টগ্রামের হামলায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় জাবেদ ইকবাল, আলাউদ্দিন প্রকাশ রুবেল, আশরাফুল আলম ও বোমা মিজানকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলার অপর তিন অভিযুক্ত শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানির ফাঁসি হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকের দুটি পৃথক মামলায়ও জাবেদ ইকবাল ও বোমা মিজানকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়। এই মামলা দুটি থেকে আত্মঘাতি বোমা হামলার সময় নিহত আবুল হোসেনসহ শীর্ষ চার জঙ্গী নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে পাহাড়তলী থানার ২০০৫ সালের ১৪ ডিসেম্বর বিস্ফোরণ মামলায় জাবেদ ইকবাল, নাইমুজ্জামান, রফিকুল ইসলাম ওরফে নোমান এবং বোমা মিজানকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।