২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর সয়াবিন আমদানির জন্য টিসিবির আন্তর্জাতিক দরপত্র

সয়াবিন তেল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী রোজার মাসকে সামনে রেখে ২০ বছর পর আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন তেল কেনার উদ্যোগ নিলো প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

টিসিবির আমদানি শাখার ঊর্ধ্বতন নির্বাহী মো. রহুল আমিন তালুকদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত মাসে বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন সয়াবিন তেল আমদানির অনুমতি দেয়। সোমবার এ ব্যাপারে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। ১৯৮৭ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক বাজার থেকে সয়াবিন তেল কেনার উদ্যোগ নিল টিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ মে।”

গতবছর রমজান মাসের আগে আগে টিসিবি অভ্যন্তরীণ বাজার থেকে সয়াবিন তেল কিনলেও এবার আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনা হবে। এছাড়া ২শ’ টন ছোলা আমদানির জন্য মঙ্গলবার নতুন দরপত্র আহবান করা হবে। এ দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মে।

এদিকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ব্যাপক হারে বেড়ে গেছে বলে আমদানিকারকরা দাবি করলেও টিসিবি কর্মকতারা এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে গত তিন সপ্তাহে সয়াবিন তেলের দাম টনপ্রতি ৮০ ডলার বেড়েছে।

অন্যদিকে রহুল আমিন জানান, ১৫ দিন আগে ওয়াশিংটন থেকে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুয়ায়ী প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম যুক্তরাষ্ট্রের শিকাগো বাজারে ছিল ৬৫৭.৬০ ডলার। উপসাগরীয় অঞ্চলে দাম ছিল ৬৭৮.৫৮ ডলার।

তিনি বলেন, এই তালিকা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এক মাসে সয়াবিন তেলের দাম ২০ থেকে ২৫ ডলার বেড়েছে।