২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) পাবলিক লিমিটেড কোম্পানি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য সব প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএসসির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত এক সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।

তিনি বলেন, “বিএসসির নিজস্ব মূলধন এখন ৬২ কোটি ৭৪ লাখ টাকা। এর পুরোটাই শেয়ার আকারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারে ছাড়া হবে। এছাড়া বিএসসিতে সরকারের ২৬৭ কোটি ২৬ লাখ টাকাও শেয়ারে রুপান্তরিত করা হবে। তবে এই শেয়ারের মালিকানা থাকবে সরকারের কাছে।”

এম এ মতিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব শেখ এনায়েতুল্লাহ, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হাসান, অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক চৌধুরী সালেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যোগাযোগ উপদেষ্টা জানান, বিএসসির এখন মোট ১৩ টি জাহাজ রয়েছে। এর মধ্যে একটিকে অকেজো ঘোষণা করা হয়েছে। বাকি ১২টির মধ্যে ছয়টি চলাচল করছে ভাড়া করা জাহাজ হিসাবে। দুটি জাহাজ বাংলাদেশ থেকে পাকিস্তানে পাট আনা নেওয়ায় ব্যবহৃত হচ্ছে। বাকি চারটিকে কোনো কাজে লাগানো হচ্ছে না।

১০ থেকে ১২ বছর ব্যবহৃত একটা পুরনো জাহাজ বিদেশ থেকে কেনার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

এম এ মতিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিএসসির সার্বিক অবস্থা প্রতিবেদন আকারে তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।