২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সাবেক সাংসদের বিরুদ্ধে এক মাসের আটকাদেশ

নীলফামারী জেলা কারাগারে আটক সৈয়দপুরের বিএনপি দলীয় সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার ভজেকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

শনিবার সাবেক এই সাংসদ কারাগারে আটক বিএনপি দলীয় আরেক সাবেক সাংসদ আনোয়ারুল কবীর চৌধুরীর ওপর হামলার পর জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোখলেছুর রহমান রোববার এই আটকাদেশ দেন। নীলফামারী জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন এই আটকাদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার খালেদ হোসেন জানিয়েছেন, কাজী রুবেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ ও বিভিন্ন সন্ত্রাসী ঘটনার মোট চারটি মামলা রয়েছে। ক্ষমতায় থাকা অবস্থায় ভজে বাহিনী নামে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি মুক্তি পেলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে আশঙ্কায় তার বিরুদ্ধে আটকাদেশ দেওয়া হয়েছে।

ভজে বাহিনীর অপর নেতা তার ছোট ভাই রশিদুল ইসলাম সরকারকে আগেই চার মাসের আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, হত্যা-সন্ত্রাস-ত্রাণের টিন আত্মসাতসহ বিভিন্ন মামলার আসামী সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার সম্প্রতি হাইকোর্ট থেকে দুটি মামলায় জামিন পান। আমজাদ হোসেন সরকার গত ১৮ মার্চ কাজী রুবেল হত্যা মামলায় ১৩ সহযোগীসহ জামিন নিতে এলে আদালত তা নামঞ্জুর করে এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে নীলফামারী কারাগারে পাঠিয়ে দেয়।

গত শনিবার তুচ্ছ ঘটনায় একই কারাগারে আটক বিএনপিদলীয় আরেক সাবেক সাংসদ ও জলঢাকা পৌরসভার চেয়ারম্যান কবীর চৌধুরীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় তার সহযোগীরা প্রতিপক্ষের ওপর দলবল নিয়ে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।