কোকোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে টাস্কফোর্স
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে টাস্কফোর্স। এর সার্বিক তদারকির দায়িত্বে থাকবে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি।
সোমবার দুপুরে একথা বলেন, যোগাযোগ উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন।
নৌ পরিবহন মন্ত্রণালয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “কোকোকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে কী অভিযোগ তা আমি জানি না। তবে নিশ্চয়ই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে। এমন ধরনের অভিযোগে যে কাউকেই গ্রেপ্তার করা যেতে পারে।”
