২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্কতা হিসেবে চট্টগ্রাম বন্দরে রাতে নৌচলাচল সাময়িক বন্ধ

চট্টগ্রাম বন্দরের মোহনায় ডুবে যাওয়া ক্লিংকারবাহী নৌযানটি রোববার সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দরে নৈশকালীন নৌচলাচাল সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বন্দর চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রোববার সকালে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রধান করে গঠিত ওই কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, রাতের বেলায় বন্দরে নৌচলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বন্দর রেডিও কন্ট্রোলের কর্মকর্তা মো. জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বন্দরে ঢোকার সময় এমভি টিটু-৫ নামের একটি কোস্টারের সঙ্গে ধাক্কা লেগে এমভি নাজিম উদ্দিন নামের ক্লিংকারবাহী একটি কোস্টার ডুবে যায়। এতে প্রায় ৮শ’ টন ক্লিংকার ছিল।