২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ডুমুরিয়ায় খাজনা আদায় নিয়ে সংঘর্ষে আহত ১০

খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া বাজারের খাজনা আদায় কেন্দ্র করে শনিবার স্থানীয় বাজার কমিটি ও মৎস আড়ত সমিতির সঙ্গে ইজারাদার সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় আড়াই লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছে মৎস আড়ত সমিতি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাজার কমিটির সভাপতি শাহীনুর রহমান এবং মৎস আড়ত সমিতির সভাপতি মহিতোষ মণ্ডল জানান, শনিবার সকালে জমির জোয়ার্দ্দারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন বাজারে এসে মাছের আড়গুলোয় রশিদ ছাড়া খাজনা দাবি করে। এ নিয়ে খনিয়া বাজার কমিটি ও মৎস আড়তদারদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। প্রায় আধ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন কমপক্ষে ১০ জন।

শাহীনুর ও মহিতোষ আরও জানান, সংঘর্ষ চলার সময় ইজারাদার বাহিনী রূপালী মৎস আড়ত থেকে ৮২ হাজার ৭৩০ টাকা এবং ভদ্রা মৎস আড়ত থেকে এক লাখ ৭০ হাজার ৫২০ টাকা লুট করেছে।

এ ঘটনায় রূপালী মৎস আড়তের মালিক আসাদুজ্জামান ও ভদ্রা মৎস আড়তের মালিক আলহাজ্ব খান বাদী হয়ে জমির জোয়াদ্দারকে প্রধান আসামী করে ১৮ জনের নামে দুটি মামলা করেছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল হক সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, জমির জোয়ার্দ্দারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে টাকা লুটের ব্যাপারে আপাতত কিছু বলা যাচ্ছে না।