একুশে টিভির তরঙ্গ বরাদ্দের আদেশের বিরুদ্ধে আবেদন করছে সরকার
টেরিস্ট্রিয়াল সম্প্রচারে একুশে টেলিভিশনকে প্রয়োজনীয় তরঙ্গ বরাদ্দে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধনের জন্য রিভিউ আবেদন করছে সরকার।
এটর্নি জেনারেল ফিদা এম কামাল রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এটর্নি জেনারেল বলেন, “আদালতকে বিভ্রান্ত করে একুশে টেলিভিশন হাইকোর্ট থেকে গত ৭ মার্চ টেরিস্ট্রিয়াল সম্প্রচার সংক্রান্ত অন্তর্বর্তী আদেশ নিয়েছে। এই আদেশ সংশোধনের জন্য একটি রিভিউ আবেদন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনটি করা হবে।”
লাইসেন্স গ্রহণে অনিয়মের কারণে ২০০২ সালে একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে তখন আদালতের রায়ে বলা হয়েছিল, একুশে টেলিভিশন নতুন করে লাইসেন্সের আবেদন করলে সরকার তা বিবেচনা করতে পারে।
পরে স্যাটেলাইট মাধ্যমে সম্প্রচারের অনুমতি চেয়ে আদালতে রিট আবেদন দায়ের করে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সরকার ২০০৫ সালের ১১ এপ্রিল চ্যানেলটিকে পুনঃসম্প্রচারের অনুমতি দেয়।
কিন্তু বিটিআরসি প্রয়োজনীয় তরঙ্গ বরাদ্দ না দেওয়ায় পুনরায় হাইকোর্টে আবেদন জানায় একুশে টেলিভিশন। তখন আদালত টেরিস্ট্রিয়াল সম্প্রচারের জন্য প্রয়োজনীয় তরঙ্গ বরাদ্দে বিটিআরসিকে নির্দেশ দেয়।
হাইকোর্টের আদেশের পর গত ২৯ মার্চ বিটিআরসি টেরিস্ট্রিয়াল মাধ্যমে সম্প্রচারে একুশে টেলিভিশনকে তরঙ্গ বরাদ্দ দেয়। তবে পরে সরকার তা স্থগিত করে।
