২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার বর্তমান প্রস্তাবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই: জ্বালানি উপদেষ্টা

টাটার বর্তমান বিনিয়োগ প্রস্তাবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, “এদেশে বিনিয়োগের জন্য টাটার বর্তমান প্রস্তাবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।”

উপদেষ্টা বলেন, “একতরফাভাবে টাটার প্রস্তাবের পক্ষে মত দেওয়া ঠিক হবে না। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশি বিনিয়োকারীদের কথাও আমাদের মাথায় রাখতে হবে।”

তপন অবশ্য স্বীকার করেন, টাটা সংক্রান্ত সচিব কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু করা যেতে পারে।

তপন চৌধুরী আরো বলেন, “টাটার প্রস্তাবের ব্যপারে সিদ্ধান্ত নিতে আমরা খুব বেশি সময় নিচ্ছি। এটা ঠিক হচ্ছে না। তিন থেকে ছয় মাসের মধ্যে আমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে টাটা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে কিনা তা তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।”

উপদেষ্টা বলেন, “সিদ্ধান্তের জন্য টাটার ফাইলটি এখন প্রধান উপদেষ্টার কাছে আছে বলে শুনেছি।”

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পদ থেকে তপন চৌধুরীকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন গুজব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে দেশ ও জাতির স্বার্থে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা অবশ্যই মেনে নেব।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা আমাকে কীভাবে মূল্যায়ন করেন আমি জানি না। তবে আমার বিশ্বাস তিনি আমাকে ভালোভাবেই মূল্যায়ন করছেন।”

এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, “কাজ করতে গেলে সবসময় সবাইকে খুশি রাখা যায় না। আপস করার সুযোগ ছিল। কিন্তু আমি তা করিনি। যতক্ষণ দায়িত্বে থাকব ততক্ষণ দেশের কথাই ভাবব।”

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভবনা নেই। তবে গ্যাস কিংবা বিদ্যুতের দাম বাড়নোরও কোনো পরিকল্পনা নেই।”