চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া নৌযানটি এখনও উদ্ধার হয়নি
চট্টগ্রাম বন্দরের মোহনায় ডুবে যাওয়া ক্লিংকারবাহী নৌযানটি রোববার সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।
বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রোববার সকালে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রধান করে গঠিত ওই কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার ভোর পাঁচটার দিকে বন্দরে ঢোকার সময় মোহনায় দুটি নৌযানের সংঘর্ষে এমভি নাজিম উদ্দিন নামে একটি কোস্টার ডুবে যায়। এতে প্রায় ৮০০ টন ক্লিংকার ছিল।
বন্দর রেডিও কন্ট্রোলের কর্মকর্তা মো. জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, এমভি নাজিম উদ্দিন নামের কোস্টারটির সঙ্গে এমভি টিটু-৫ নামের অপর একটি কোস্টারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্র জানায়, মোহনায় কোস্টার ডুবি ঘটলেও নৌ-চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
